কাগজপত্র ছাড়া যানবাহনে জ্বালানি বিক্রি বন্ধ, ১০ মোটরসাইকেলের জরিমানা
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটে রেজিস্ট্রেশন সনদ, হেলমেট ও চালকের ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলসহ কোনো ধরনের মোটরযানে জ্বালানি সরবরাহ না করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন ও জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পেট্রোল পাম্প মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অ্যাসোসিয়েশনের উপদেষ্টা রওনকুল ইসলাম চৌধুরী টিপু, সভাপতি জিয়াউল হক আলামিন চৌধুরী রানা এবং সাধারণ সম্পাদক আবুল খায়ের গোলাম মওলা,সহ অন্যান্য সদস্যরা।
সভায় আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে জেলার সব পেট্রোল পাম্প, প্যাকড পয়েন্ট ও এজেন্সিকে নির্দেশ দেওয়া হয়—কোনো কাগজপত্রবিহীন যানবাহনে জ্বালানি সরবরাহ করা যাবে না। পাশাপাশি অবৈধভাবে বাইরে তেল বিক্রি বন্ধে অভিযান পরিচালনা এবং পাম্পগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের কথাও জানানো হয়।
সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে রোববার বিকেলে স্থানীয় উদয়ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। বৈধ কাগজপত্র না থাকায় ১০ জন মোটরসাইকেল মালিককে জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জয়পুরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে কাগজপত্রবিহীন অনেক মোটরসাইকেল চালক দ্রুত পাম্প এলাকা ত্যাগ করেন, ফলে অল্প সময়ের মধ্যেই পাম্প ফাঁকা হয়ে যায়। অথচ গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন পাম্পে শত শত মোটরসাইকেলে জ্বালানি সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছিল পাম্প কর্তৃপক্ষকে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাজীব কুমার বিশ্বাস জানান, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো যানবাহনে জ্বালানি বিক্রি না করার প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নেই এ অভিযান শুরু হয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
১২৪ বার পড়া হয়েছে