চাঁদাবাজির অভিযোগের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সন্মেলন
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ৭:১০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনার চাটমোহন উপজেলায় চাঁদা দাবি ও মারধরের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত বিএনপি নেতা রেজাউল করিম খোকন, যিনি কাজী খোকন নামেও পরিচিত।
তিনি চাটমোহর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের খবির উদ্দিন মাস্টারের ছেলে।
রবিবার (২৯ মার্চ) সকালে চাটমোহর রেলবাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খোকন বলেন, “চাঁদাবাজির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা প্রমাণিত হলে আমি রাজনীতি ছেড়ে দেব, প্রয়োজনে আত্মহত্যাও করব।”
এর আগে, উপজেলার মহরমখালি গ্রামের বাসিন্দা হারুন অর রশীদ অভিযোগ করেন যে, গত শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রেলবাজার এলাকায় তাকে মারধর করেন কাজী খোকন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, খোকন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। দাবি অনুযায়ী টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগও দিয়েছেন।
তবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করে কাজী খোকন বলেন, তিনি এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার দাবি, হারুন অর রশীদ একজন মাদক ব্যবসায়ী ও মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। এছাড়া ‘ডলার’ নামে এক যুবকের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে ৫০ হাজার টাকা নিয়ে প্রতারণা করেছেন হারুন।
খোকনের ভাষ্য অনুযায়ী, প্রতারিত ওই যুবক বিষয়টি তাকে জানালে তিনি হারুনকে ডেকে টাকা ফেরত দিতে বলেন। কিন্তু টাকা ফেরত না দেওয়ায় এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হলে স্থানীয় কিছু ব্যক্তি বিষয়টি মীমাংসার জন্য হারুনকে নিয়ে যান।
তিনি আরও অভিযোগ করেন, দলের ভেতরের কিছু প্রভাবশালী নেতা ষড়যন্ত্র করে হারুনকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান ঠান্টু, সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
১২২ বার পড়া হয়েছে