কুমারখালীতে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার, তদন্তে নেমেছে পুলিশ
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৫:৩৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তাইজুল ইসলাম তাজেম (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি লিচুবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত তাজেম ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের গেটসংলগ্ন লিচুবাগানে সড়কের পাশে তাজেমের মরদেহ পড়ে রয়েছে। তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ সময় সেখানে উৎসুক জনতার ভিড় জমে এবং পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করে।
নিহতের চাচাতো ভাই বিপুল হোসেন জানান, রাত ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাজেমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
এদিকে নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা-মা শোকে ভেঙে পড়েছেন। বাবা আবুল কাশেম কান্নাজড়িত কণ্ঠে ছেলের হত্যার বিচার দাবি করেন। মা সাহিদা খাতুন অভিযোগ করেন, পারিবারিক বিরোধ ও পূর্বের ঘটনার জেরে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
ঘটনার পর অভিযুক্ত হিসেবে যাদের নাম উঠে এসেছে, তারা পরিবারসহ এলাকা ছেড়ে পালিয়েছে বলে জানা গেছে।
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
২০৭ বার পড়া হয়েছে