মোংলা বন্দরে পালিত হলো ৫৬তম স্বাধীনতা ও জাতীয় দিবস
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২০২৬ উপলক্ষে মোংলা বন্দর কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করে ৫৬তম স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোঃ মাকরুজ্জামান এক প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করেন। নোটে বলা হয়েছে, বন্দরে জাতীয় পতাকা ও বন্দরের পতাকা উত্তোলন, নৌযানসমূহ জাতীয় পতাকা দ্বারা সজ্জিতকরণ, এবং বন্দরের জাহাজসমূহ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়া মোংলা বন্দর হাসপাতালে ভর্তি রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সকাল ৯:৩০ মিনিটে কর্তৃপক্ষের সভাকক্ষে অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) (যুগ্মসচিব) ড. এ. কে. এম. আনিসুর রহমান, সকল বিভাগীয় ও উপ-বিভাগীয় প্রধান, বন্দরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মবক’র অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ, অফিসার্স অ্যাসোসিয়েশন ও সিবিএ-এর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাঙালি জাতির শৌর্যবীর্য, ত্যাগ ও বীরত্বের এক অবিস্মরণীয় দিন। আজ আমরা মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের ত্যাগের বিনিময়ে আমাদের লাল-সবুজের পতাকা আছে। বীর মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন বলে দেশ স্বাধীন হয়েছে। দেশের স্বাধীনতার ৫৬ বছরে অর্জিত উন্নয়ন মোংলা বন্দরে প্রতিফলিত হয়েছে। এ উন্নয়নকে আরও বেগবান করতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বন্দরের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য।”
পরিশেষে স্বাধীনতা ও জাতীয় দিবসের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন, মুক্তিযোদ্ধাদের সুসাস্থ্য কামনা এবং জাতির শান্তি ও বন্দরের অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১৪৪ বার পড়া হয়েছে