সাতক্ষীরায় মোটরসাইকেলের জ্বালানি তেলের জন্য ফুয়েল কার্ড বাধ্যতামূলক
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল সংগ্রহে জেলা প্রশাসকের সিল ও স্বাক্ষরযুক্ত ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগেই জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন এবং ভোগান্তি দেখা গেছে।
সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম বৃহস্পতিবার (২৬ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফুয়েল কার্ড ছাড়া কোনো মোটরসাইকেলে তেল সরবরাহ করা হবে না। তেল সংগ্রহের সময় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, তেল নেওয়ার সময় ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন নম্বর ও ট্যাক্স টোকেন সঙ্গে রাখতে হবে এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক। ফুয়েল কার্ড জেলা প্রশাসকের কার্যালয়, সকল ইউএনও অফিস এবং জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
প্লাস্টিক বোতল বা ড্রামসহ কোনো কন্টেইনারে তেল বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। অনুমোদিত ফিলিং স্টেশন ছাড়া খোলা বাজারে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ও বন্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নতুন নিয়মের খবরে সাতক্ষীরার বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে দাঁড়িয়ে থাকা চালকরা এই ফুয়েল কার্ডকে ভোগান্তি হিসেবে মনে করছেন এবং নতুন নিয়মের কারণে বিপাকে পড়ার আশঙ্কা করছেন।
১২৪ বার পড়া হয়েছে