স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর বাউফল উপজেলায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সামনে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওহিদুজ্জামান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পাবলিক মাঠে আয়োজিত কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে বসা নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয় এবং একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় জামায়াতের কয়েকজন নেতার ওপর বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মী হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর মাঠে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়লেও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু এবং বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি স্বাভাবিক করেন।
অনুষ্ঠানে বিএনপির সাবেক এমপি মো. সহিদুল আলম তালুকদার এবং জামায়াতের উপজেলা আমীর মাওলানা মো. ইসাহাক মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপি ও জামায়াতের নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিকেল ৩টায় জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ মিলু বলেন, “দুই পক্ষের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। উপস্থিত সবার সহযোগিতায় বিষয়টি দ্রুত মীমাংসা করা হয়। এতে অনুষ্ঠান বন্ধ হয়নি এবং নির্ধারিত কর্মসূচি যথাযথভাবে সম্পন্ন হয়েছে।”
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, “সামনে বসা নিয়ে ভুল বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটে। প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”
বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং উপজেলা অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান চলমান রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে