রাঙামাটিতে বাস উল্টে আহত ১৯, গুরুতর একজন চট্টগ্রামে প্রেরণ
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১১:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকার কলাবাগান নামক স্থানে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নানিয়ারচর উপজেলা সদর থেকে ৫০-৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী একটি বাস (নম্বর: চট্টমেট্টো-জ-১১-০১০৪) সাপছড়ির কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ডান পাশে উল্টে যায়। এতে বাসে থাকা প্রায় সব যাত্রীই কমবেশি আহত হন।
দুর্ঘটনার পর যাত্রীরা বাসের কাঁচ ভেঙে বেরিয়ে আসেন। এসময় বাসটির সুপারভাইজার মাথা ও পায়ে এবং চালক পায়ে আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে বেলা দেড়টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
১২৬ বার পড়া হয়েছে