কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় নিহত দুই পর্যটক
বৃহস্পতিবার , ২৬ মার্চ, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঢাকার উত্তরখান থানার আটিপাড়া এলাকার শহীদ ভূঁইয়ার ছেলে শরীফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের ছেলে রাইসুল ইসলাম (৩০)।
চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, শরীফুল ও রাইসুল মোটরসাইকেলে করে ঢাকা থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। তাদের সঙ্গে আরও কয়েকজন বন্ধু আলাদা মোটরসাইকেলে একই গন্তব্যে যাচ্ছিলেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ভোরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা লাল-সবুজ পরিবহনের একটি বাস একইমুখী একটি মোটরসাইকেল ও ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও সহকারী পালিয়ে যান বলে জানায় পুলিশ। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করেছে।
নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১০৯ বার পড়া হয়েছে