জামালপুরে ৩ হাজার লিটার পেট্রোলসহ ৭ জন আটক
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ১:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সদর উপজেলার কালিবাড়ি বাজার এলাকায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় প্রায় তিন হাজার লিটার পেট্রোলসহ ৭ জনকে আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
আটক ব্যক্তিরা জামালপুর ও বগুড়া জেলার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে কয়েকটি যানবাহনে ড্রামভর্তি পেট্রোল গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী গাড়িগুলো থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়িতে বিপুল পরিমাণ পেট্রোল পাওয়া গেলে সেখানে থাকা ৭ জনকে আটক করা হয়।
এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু চক্র কালোবাজারে বেশি দামে জ্বালানি তেল বিক্রি করছে।
এ বিষয়ে ওসি মিজানুর রহমান বলেন, “স্থানীয়দের মাধ্যমে ৭ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম অবস্থান করছে।”
উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবে বলে জানা গেছে।
১২৬ বার পড়া হয়েছে