রাঙামাটিতে বিশেষ অভিযানে ১১ জন গ্রেফতার
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটি শহরে মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে শহরের বিভিন্ন এলাকা ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকসহ অনৈতিক কার্যকলাপ নির্মূলের লক্ষ্যে রাঙামাটি কোতোয়ালি থানার উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। পুলিশ সুপারের নির্দেশনায় কোতোয়ালি থানা পুলিশ ও জেলা বিশেষ শাখা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিনের নেতৃত্বে রিজার্ভ বাজারসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. রাশেদুল ইসলাম (২৯), টিসু চৌধুরী (২৯), মো. শাহ আলম (৩৭), মো. আলমগীর (৩০), মো. রিদম (২৮), মমিন উদ্দিন (৩০) এবং মো. ইউসুফ (২৩)।
এছাড়া অভিযানের অংশ হিসেবে রিজার্ভ বাজার এলাকার কয়েকটি আবাসিক হোটেলে তল্লাশি চালানো হয়। এ সময় শুকতারা বোর্ডিং, হোটেল জেরিন ও হোটেল হিল এড্রেস থেকে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ৪ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— পিংকি আক্তার (২০), রাইসা মনি (১৯), মোছা. রিমি (১৯) এবং মো. ইব্রাহিম (৪৬)।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, মাদকদ্রব্যের অপব্যবহার যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং অপরাধ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
পুলিশ আরও জানায়, আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। এসব কার্যকলাপ সামাজিক মূল্যবোধ ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং দ্রুত তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। পর্যটন জেলা হিসেবে রাঙামাটির পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিত চালানোর দাবি জানিয়েছেন তারা।
১৫৪ বার পড়া হয়েছে