সর্বশেষ

সারাদেশ

লালমনিরহাটে জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে চালক ও যাত্রীরা

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৬:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
লালমনিরহাটে গত তিন দিন ধরে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। জেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, তেল না থাকায় অধিকাংশ ফিলিং স্টেশন ও ডিপো বন্ধ রাখা হয়েছে।

অনেক স্টেশনে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। ফলে কর্মচারীরা অলস সময় পার করছেন।

বিনিময় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী ছাবওয়ানুল হক শিহাব জানান, তাদের চাহিদার অর্ধেক পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে। এতে করে যানবাহনের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না তারা। তিনি বলেন, সোমবার সন্ধ্যায় যে পরিমাণ তেল পেয়েছিলেন, তা রাতেই শেষ হয়ে যায়। এরপর মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে কোনো তেল সরবরাহ পাননি।


বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেল, ট্রাক্টর, বাস ও ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্টেশন মালিক জানান, পার্বতীপুর ডিপো থেকে চাহিদার তুলনায় অর্ধেক তেল সরবরাহ করা হচ্ছে। ফলে গ্রাহকদের প্রয়োজন মেটানো সম্ভব হচ্ছে না।

হোসেন ব্রাদার্স ফিলিং স্টেশনে সোমবার রাতে কিছু তেল এলেও তা মঙ্গলবার বিকেল পর্যন্ত সীমিত পরিমাণে সরবরাহ করা হয়েছে। ট্রাক্টর চালক রাইসুল ইসলাম ঋতু বলেন, “দুই ঘণ্টা অপেক্ষা করে মাত্র এক হাজার টাকার ডিজেল পেয়েছি। এই তেল দিয়ে কতটুকু জমি চাষ করতে পারব, তা নিয়ে দুশ্চিন্তায় আছি।”

একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী মোটরসাইকেল চালক আসাদুল হক জানান, প্রায় দেড় ঘণ্টা লাইনে দাঁড়িয়ে মাত্র ২০০ টাকার তেল পেয়েছেন। তিনি বলেন, “কাজের জন্য প্রতিদিন বিভিন্ন জায়গায় যেতে হয়। এত কম তেলে কাজ চালানো কঠিন হয়ে পড়বে।”


দিনাজপুরের বাসিন্দা ইমরুল কায়েস ঈদ উপলক্ষে লালমনিরহাটে এসে পড়েছেন বিপাকে। তিনি বলেন, “মাত্র ২০০ টাকার তেল দিয়ে কীভাবে দিনাজপুর ফিরব, বুঝতে পারছি না।”

জ্বালানি সংকটের প্রভাব পড়েছে দূরপাল্লার যানবাহনেও। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছে না অনেক বাস। শাহ আলী পরিবহনের জিএম মোহাম্মদ সাব্বির আহম্মেদ জানান, ঢাকা-লালমনিরহাট রুটে একটি বাসের যাতায়াতে প্রায় ২০০ লিটার তেল প্রয়োজন হয়। কিন্তু কোনো ফিলিং স্টেশন থেকেই একসঙ্গে এত তেল পাওয়া যাচ্ছে না। ফলে পথে পথে বিভিন্ন পাম্পে থেমে তেল সংগ্রহ করতে হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে।

সামগ্রিকভাবে, জ্বালানি তেলের এই সংকট জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন