রমজানের ছুটির ঘাটতি পুষিয়ে নিতে বাড়তে পারে অতিরিক্ত ক্লাস
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আগামী রবিবার থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় পাঠদান শুরু হতে যাচ্ছে।
তবে এই দীর্ঘ বিরতির কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে অতিরিক্ত ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত স্কুল খোলা থাকার কথা থাকলেও শিক্ষক অসন্তোষের প্রেক্ষিতে শেষ পর্যন্ত পুরো রমজান মাসজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। এর ফলে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে ব্যাঘাত ঘটে এবং শিখন ঘাটতি তৈরি হয়।
এই পরিস্থিতি মোকাবিলায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে আলোচনা শুরু করেছে। অতিরিক্ত ক্লাস বা বিকল্প পদ্ধতির মাধ্যমে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে।
তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, খুব শিগগিরই এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, আগে থেকেই মাদরাসাগুলোতে পুরো রমজান মাস ছুটি ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে, মাধ্যমিক পর্যায়ের স্কুলগুলো ১৫ রমজান পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হলে বৈষম্যের অভিযোগ তুলে শিক্ষকরা প্রতিবাদ জানান। পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো রমজান মাস ছুটি ঘোষণা করা হয়।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, ছুটির কারণে সৃষ্ট এই শিখন ঘাটতি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
১০৮ বার পড়া হয়েছে