চাঁদপুরে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও গাউন বিতরণ
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুর জামায়াতে ইসলামী আইনজীবি বিভাগের উদ্যোগে ২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের বরণ, গাউন বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া চাইনিজ রেস্টুরেন্টের কনভেনশন হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি বলেন, “আপনাদের কাজের মাধ্যমে কোন বিচারপ্রার্থী যাতে কষ্ট না পায় সে বিষয়ে সতর্ক থাকবেন। কারণ একজন মানুষ কোনভাবে আপনার ব্যবহারে ব্যথিত হলে সেটি মনে রাখবে। আপনারা সত্য বিষয়টি সত্য হিসেবে বিচারকের সামনে উপস্থাপন করবেন।”
তিনি কুরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলেন, “তোমরা জেনে-বুঝে সঠিকের সাথে বেঠিক মিলিয়ে দিও না।” উদাহরণ দিয়ে তিনি বলেন, “একজন ব্যবসায়ীর মূলধন হচ্ছে সততা। ঠিক আইনজীবির জন্য সততা ও মার্জিত ব্যবহার হচ্ছে মূলধন।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে নায়েবে আমির অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সেক্রেটারি মোঃ শাহজাহান মিয়া, শহর আমির মোঃ শাহজাহান খান, সিনিয়র আইনজীবী আবুল খায়ের মোঃ সালেহ ও আবদুল কাদের খান।
সভাপতিত্ব করেন জামায়াত আইনজীবি বিভাগের সভাপতি অ্যাডভোকেট মোঃ মামুন হোসেন মিয়াজী এবং যৌথ সঞ্চালনায় ছিলেন সহ-সভাপতি মহিউদ্দিন ফাহাদ ও কোষাধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম রনি।
নবীন আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু বকর খান, তাজুল ইসলাম সোহাগ ও শাহিদা আক্তার।
অ্যাডভোকেট মোঃ ইমাম হোসাইন ও তানভীর আহমেদ সহ অন্যান্য আইনজীবি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জামায়াত নেতারা প্রত্যেক নবীন আইনজীবির হাতে রজনী গন্ধা ফুল ও গাউন তুলে দেন।
উল্লেখ্য, চাঁদপুর জেলায় এবছর আইনজীবী হিসেবে ৭৩ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদপ্রাপ্ত হয়েছেন।
১২৫ বার পড়া হয়েছে