ময়মনসিংহ মেডিকেল পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশন প্রশাসক
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চিকিৎসাসেবার মান যাচাই এবং রোগীদের ভোগান্তি কমানোর লক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন।
সোমবার (২৩ মার্চ) দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ, চিকিৎসকদের উপস্থিতি এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সরাসরি খোঁজ নেন।
পরিদর্শনের সময় প্রশাসক হাসপাতালের পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, সাধারণ রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি রাখতে হবে। হাসপাতালের দালাল চক্র ও অনিয়মের অভিযোগ থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি।
তিনি আরও বলেন, চিকিৎসাসেবা একটি মানবিক সেবা। তাই রোগীদের সঙ্গে দুর্ব্যবহার বা অবহেলার কোনো সুযোগ নেই। হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা এবং সেবার মান উন্নয়নে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি।
এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। প্রশাসকের এই আকস্মিক পরিদর্শনে রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে আসে বলে জানা গেছে।
১২১ বার পড়া হয়েছে