কুষ্টিয়ায় বিজিবির পৃথক অভিযানে ৬ কোটির বেশি মূল্যের মাদক জব্দ
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ ৭:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ উচ্চমূল্যের মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১২ বোতল ভারতীয় এলএসডি। জব্দ করা সব মালামালের মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতিটি ৫০ মিলিলিটার) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধার করা এই উচ্চমূল্যের মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।
এলএসডি ছাড়াও মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে সীমান্তবর্তী এলাকায় আরও দুটি সফল অভিযান পরিচালনা করে বিজিবি। এ সময় দৌলতপুর সীমান্তের মুন্সিগঞ্জ মাঠ এলাকা আশ্রয়ন বিওপির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও অন্যান্য ওষুধ জব্দ করে। অপর এক অভিযানে প্রাগপুর বিওপির সদস্যরা ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান দমনে বিজিবি সবসময় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
১৫৬ বার পড়া হয়েছে