পরিবহনব্যবস্থা নিরাপদে জরুরি নির্দেশ প্রধানমন্ত্রীর, কুমিল্লা দুর্ঘটনায় শোক
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১২:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় লেভেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার এক বিবৃতিতে তিনি কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানান এবং পরিবহনব্যবস্থার দুর্বলতা চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী বলেন, এসব দুর্ঘটনার পেছনের কারণ দ্রুত তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বগুড়ায় ট্রেন দুর্ঘটনার পর শনিবার দিবাগত রাতে কুমিল্লায় একটি লেভেলক্রসিংয়ে বাস-ট্রেন সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হন। এ ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং সংশ্লিষ্টদের গাফিলতির জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ ছাড়া ফেনী, হবিগঞ্জ ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহতদের প্রতিও শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
কুমিল্লার রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এসব কমিটিকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, “পবিত্র ঈদের আনন্দঘন সময়ে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক। প্রতিটি জীবন মূল্যবান, প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি।” তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সরকার জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, এ ক্ষেত্রে কোনো শৈথিল্য বরদাশত করা হবে না। লেভেলক্রসিং ব্যবস্থাপনা, সেতুর নিরাপত্তা এবং সামগ্রিক পরিবহনব্যবস্থা উন্নয়নে দুর্বলতাগুলো চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৩৪ বার পড়া হয়েছে