বুকে চাপ নিয়ে গত নির্বাচন মেনে নিয়েছি: জামায়াত আমির শফিকুর রহমান
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১২:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নতুন ও ইতিবাচক ধারার রাজনীতি গড়ে তুলতে দলটি গত নির্বাচন বর্জন করেনি। বরং “বুকে চাপ নিয়ে” নির্বাচন মেনে নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রোববার সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতের মতো নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তা প্রত্যাখ্যান করা হয়নি। বরং নির্বাচন কেমন হয়েছে তা বোঝার জন্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর মতো সংগঠনের প্রতিবেদন সহায়ক হবে বলে মনে করেন তিনি।
সংবিধান পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, পৃথিবীর অনেক দেশেই সংবিধান পরিবর্তন ও সংশোধন হয়েছে। তাই দেশের জনগণের দাবি অনুযায়ী সংবিধান সংস্কার জরুরি এবং সরকার দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবে—এটাই প্রত্যাশা।
গত নির্বাচন নিয়ে তিনি দাবি করেন, “৬৫ শতাংশ মানুষ হ্যাঁ ভোট দিয়েছেন, তারা সংস্কার চান। কিন্তু সেই আকাঙ্ক্ষার পূর্ণ বাস্তবায়ন এখনো হয়নি।” গণভোটের একটি অংশ বাস্তবায়িত হলেও বাকি অংশ উপেক্ষিত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিনের বিষয়ে জামায়াত আমির বলেন, “রাষ্ট্রপতির প্রতিষ্ঠানের প্রতি আমাদের কোনো আপত্তি নেই, তবে ব্যক্তি নিয়ে আপত্তি আছে। তিনি কার্যত ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন—এমন অভিযোগ রয়েছে।” এ অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ও তাদের মিত্রদের মধ্যেই রাষ্ট্রপতি হওয়ার মতো যোগ্য ব্যক্তির অভাব নেই।
সরকারের ভূমিকা নিয়ে তিনি বলেন, “ভালো কাজকে আমরা নৈতিক সমর্থন দেবো, তবে জনস্বার্থবিরোধী কোনো কিছু মেনে নেবো না।” নিয়মতান্ত্রিক ও রাজনৈতিকভাবে প্রতিবাদ চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, “আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য অপেক্ষা করছি। এটি দ্রুত আয়োজন করা উচিত।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের মিডিয়া সেলের জয়েন্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামসহ জেলা ও মহানগর জামায়াতের নেতারা।
১৩৩ বার পড়া হয়েছে