ঈদে পর্যটকের ঢল, মুখর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ঈদুল ফিতরের দিন সকাল থেকেই পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের আগমন শুরু হয়ে দ্বিতীয় দিনে তা রীতিমতো ঢলে পরিণত হয়েছে। রবিবার নাতিশীতোষ্ণ আবহাওয়া ও থেমে থেমে বৃষ্টির মধ্যেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ২২ কিলোমিটার দীর্ঘ কুয়াকাটা সমুদ্র সৈকত।
প্রতিবছরের মতো এবারও ঈদের দিন সকাল থেকে পর্যটকদের আগমন শুরু হলেও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে উপস্থিতি কিছুটা কম ছিল। তবে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা, যা রবিবার দুপুর নাগাদ ব্যাপক আকার ধারণ করে। সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন, কেউ সমুদ্রের নোনা জলে নেমে ছোট ঢেউয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেকে বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, আবার শিশু থেকে বয়স্করা বালুচরে খেলায় মেতে উঠেছেন। অনেককে দেখা গেছে মোবাইল ফোনে সেলফি তুলতেও ব্যস্ত।
দীর্ঘ একমাস রমজানে পর্যটক কম থাকায় সৈকতে বেড়েছে লাল কাঁকড়া ও অতিথি পাখির বিচরণ। ফলে সমুদ্রের পাশাপাশি এসব প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন দর্শনার্থীরা।
স্থানীয় বেঞ্চ ব্যবসায়ী মো. আমিনুল বলেন, “রমজানজুড়ে পর্যটক না থাকায় ব্যবসা প্রায় বন্ধ ছিল। এখন পর্যটক বাড়ায় আমাদের মুখে হাসি ফিরেছে।”
ঢাকা থেকে আসা পর্যটক রাশেদ শামিমুজ্জামান বলেন, “ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ঘোরাঘুরিতে বেশ স্বস্তি লাগছে।”
সিলেট থেকে আগত মৌসুমি আক্তার বলেন, “সমুদ্রের ঢেউ আর খোলা পরিবেশ—সব মিলিয়ে সময়টা খুব উপভোগ করছি। এখানকার মানুষও অতিথিপরায়ণ।”
কুয়াকাটার আবাসিক হোটেল ‘কানসাই ইন’-এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নুরুল আমীন জানান, ঈদের ছুটিতে পর্যটক বাড়ায় ব্যবসায় গতি ফিরেছে। রমজানজুড়ে পর্যটকশূন্য থাকার পর এখন অধিকাংশ হোটেল-মোটেলে বুকিং প্রায় পূর্ণ।
হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ বলেন, “ঈদের ছুটিতে কুয়াকাটা পর্যটকে মুখরিত হয়েছে। বর্তমানে প্রায় ৬০ শতাংশ কক্ষ বুকিং রয়েছে, যা আগামী দিনে আরও বাড়বে বলে আশা করছি।”
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক জয়ন্ত মন্ডল জানান, আগত পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাউছার হামিদ বলেন, “আজ কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে উপজেলা প্রশাসন, মহিপুর থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও পৌর প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।”
১৩১ বার পড়া হয়েছে