দুর্ঘটনা দেখতে গিয়ে ট্রাকের ধাক্কায় দুই বন্ধুর মৃত্যু, ২ জন আশঙ্কাজনক
রবিবার, ২২ মার্চ, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজার ভ্রমণে বের হয়ে পথে আরেক দুর্ঘটনা দেখতে গিয়ে প্রাণ গেল দুই বন্ধুর।
ফেনীর রামপুর এলাকায় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের দুই তরুণ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও দুইজন।
রেববার ভোর সাড়ে ৩টার দিকে রূপগঞ্জ থেকে ৩টি মোটরসাইকেলে করে ৬ বন্ধু কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন।
পথিমধ্যে ফেনী জেলার রামপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা দেখে তারা মোটরসাইকেল থামিয়ে পরিস্থিতি দেখছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে তাদের ওপর উঠে যায়।
ঘটনাস্থলেই নিহত হন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো এলাকার বাসিন্দা আলী হোসেনের ছেলে এবং স্থানীয় স্টার টেইলার্স-এর মালিক ইয়ামীন। একই ঘটনায় নিহত হন তার বন্ধু, একই এলাকার শিবু বিশ্বাসের ছেলে ও জুতার কারখানার কর্মচারী উজ্জ্বল বিশ্বাস।
দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মাহমুদুল হাসান দিপু ও নাজমুল হাসান। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
এই মর্মান্তিক ঘটনায় রূপগঞ্জ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।
১১৬ বার পড়া হয়েছে