ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর নূরমহল সুরেশ্বর দরবার শরিফ প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের নামাজে ইমামতি করেন দরবার শরিফের খাদেম ও ইমাম মো. সেকান্দর আলী সুরেশ্বরী। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।
সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা জানান, সুরেশ্বর দরবার শরিফের অনুসারী ও ভক্তরা প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করেন। অন্তত ২০ বছর যাবত এখানে একদিন আগেই ঈদ উদযাপন করেন সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা। এবার ময়মনসিংহের বিভিন্ন উপজেলা ছাড়াও কিশোরগঞ্জ থেকে সুরেশ্বর দরবার শরিফের শতাধিক অনুসারী ও ভক্ত এসে নামাজ আদায় করেছেন। এরপর কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
গৌরীপুরের নূরমহল সুরেশ্বর দরবার শরিফের ইমাম ও খাদেম সেকান্দর আলী সুরেশ্বরী বলেন, "আমরা মূলত চাঁদ দেখে রোজা রাখি ও রোজা ছেড়ে দিই- ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ আদায় করে থাকি। অনেক সময় দেখা যায়, সৌদি আরবের সঙ্গে ও বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে মিলে যায়। সৌদি আরবের সঙ্গে আমাদের দেশের সময়ের কয়েকঘন্টা ব্যবধান। তাই বলে একদিন পর ঈদ উদযাপন করতে হবে কেন? চাঁদ দেখা যাওয়ায় ঈদ উদযাপন করা যাবে।"
এছাড়া ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জের চর ঝাউগড়া এলাকায়ও সুরেশ্বরীয়া বেলাতিয়া পাক দরবার শরিফের উদ্যোগে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদুল ফিতর উদযাপন করেছেন সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা।
১২৯ বার পড়া হয়েছে