দৌলতদিয়া ঘাটে ব্যস্ততা, নির্বিঘ্ন যাত্রায় বিশেষ ব্যবস্থা
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৭:৩৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া ঘাট দিয়ে ঈদকে সামনে রেখে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন মানুষ।
দৌলতদিয়া ঘাট এবং পাটুরিয়া ঘাট নৌরুটে এখন যাত্রীদের চাপ বেড়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এই ঘাটের আগের ব্যস্ততা অনেকটাই কমে যায়। কিন্তু ঈদ এলেই পুরনো চেহারায় ফিরে আসে দৌলতদিয়া ঘাট। মানুষের ভিড়, যানবাহনের চাপ এবং যাত্রীদের কোলাহলে আবারও মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি চলাচল করছে। যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ঘাট এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য ইউনিফর্ম ও সাদা পোশাকে মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যাত্রী হয়রানি রোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।
রাতের যাতায়াত নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে ঘাট এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।
এদিকে ঘরমুখো যাত্রীদের প্রত্যাশা, কোনো ভোগান্তি ছাড়াই তারা যেন নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এবং ছুটি শেষে নিরাপদে কর্মস্থলে ফিরে যেতে পারেন।
১২০ বার পড়া হয়েছে