জামালপুরের ১৮ গ্রামে আগাম ঈদুল ফিতরের নামাজ আদায়
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
জামালপুরের সরিষাবাড়ী ও মাদারগঞ্জ উপজেলার ১৮টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শুক্রবার (২০ মার্চ) সকালে সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার মধ্যপাড়া মাস্টার বাড়ি জামে মসজিদসহ মোট চারটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে বলারদিয়ার, মূলবাড়ী, সাতপোয়া, সাঞ্চারপাড়, পঞ্চপীর, পাখাডুবি, বনগ্রাম, বালিয়া, বাউসী, হোসনাবাদ, পাটাবুগা, পুটিয়ারপাড়, বগারপাড়, উচ্চগ্রাম, চর লোটাবর ও করগ্রামসহ বিভিন্ন গ্রামের প্রায় দুই শতাধিক মুসল্লি অংশ নেন।
এছাড়া মাদারগঞ্জ উপজেলার কাজিয়াবাড়ী গ্রামেও পৃথকভাবে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। নারী ও পুরুষ একসঙ্গে অংশ নিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নামাজ আদায় করেন।
বলারদিয়ার জামে মসজিদের খতিব মাওলানা আজিম উদ্দিন মাস্টার ঈদের জামাতে ইমামতি করেন।
নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা জানান, তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে প্রতি বছর ঈদ পালন করে থাকেন। তাদের মতে, ইসলাম একটি বিশ্বজনীন ধর্ম হওয়ায় পবিত্র মক্কা শরিফে নির্ধারিত সময় অনুসরণ করাই অধিক যুক্তিযুক্ত।
এ বিষয়ে ইমাম আজিম উদ্দিন মাস্টার বলেন, রমজানের রোজা থেকে শুরু করে সব ধর্মীয় আচার-অনুষ্ঠানই তারা মধ্যপ্রাচ্যের সময়সূচি অনুযায়ী পালন করেন। সময়ের পার্থক্য মাত্র কয়েক ঘণ্টা হওয়ায় তারা এক দিন আগে ঈদ উদযাপন করে থাকেন।
১৪৭ বার পড়া হয়েছে