চাঁদরাতে মহিষ জবাই, স্বরূপকাঠিতে কেজি দরে মাংস বিক্রি হবে
বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আরামকাঠি এলাকার শান্তির হাট বাজারে ব্যতিক্রমী এক আয়োজন করা হয়েছে।
চাঁদ রাতে প্রায় ২৪ মণ ওজনের একটি বিশাল আকৃতির মহিষ জবাই করে সাধারণ মানুষের কাছে কেজি দরে মাংস বিক্রি করা হবে।
আয়োজক সুমন চৌধুরী এই মাত্র জানান, মহিষটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থেকে সংগ্রহ করে আনা হয়েছে। ইতিমধ্যে বিশাল আকৃতির এ মহিষটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহলের সৃষ্টি করেছে।
তিনি আরও জানান, চাঁদ রাতে শান্তির হাট বাজারেই মহিষটি জবাই করা হবে এবং পরে তাৎক্ষণিকভাবে কেজি দরে মাংস বিক্রি শুরু হবে। ভালো মানের মাংস সুলভ মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
এত বড় আকারের মহিষ স্থানীয় বাজারে সচরাচর দেখা যায় না। ফলে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন মহিষটি এক নজর দেখার জন্য। এতে করে এলাকায় ঈদের আমেজ আরও বেড়ে উঠেছে।
স্থানীয়দের মতে, এমন ব্যতিক্রমী আয়োজন একদিকে যেমন সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে মাংস সংগ্রহের সুযোগ তৈরি করে, অন্যদিকে উৎসবের আনন্দকেও আরও প্রাণবন্ত করে তোলে।
মাংস সংগ্রহে আগ্রহীরা সরাসরি আয়োজকের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বলে জানা গেছে।
১১৯ বার পড়া হয়েছে