সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনে অপহরণের পর মুক্তিপণ দিয়ে ফিরলেন জেলে সফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ১০:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে জলদস্যু জোনাব বাহিনীর হাতে অপহৃত জেলে সফিকুল ইসলাম (৩৭) অবশেষে মুক্তিপণ দিয়ে বাড়িতে ফিরেছেন।

দাবিকৃত ৭০ হাজার টাকা পরিশোধের পর বুধবার (১৮ মার্চ) তিনি সুন্দরবনের গহীন এলাকা থেকে সঙ্গী জেলেদের সহযোগিতায় নৌকাযোগে নিজ বাড়িতে পৌঁছান।

সফিকুল ইসলাম শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের বাসিন্দা এবং ইলিয়াস গাজীর ছেলে।

এর আগে, গত শনিবার সন্ধ্যায় সুন্দরবনের ফিরিঙ্গি নদীর কুকোমারী খাল এলাকার গহীন অরণ্য থেকে ‘জোনাব বাহিনী’ পরিচয়ে একদল জলদস্যু তাকে অপহরণ করে।

ভুক্তভোগী সফিকুল ইসলাম জানান, আট সদস্যের জলদস্যু দলটি প্রথমে তার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে অনুমতিপত্র (পাস) নিয়ে তিনি তার শ্যালক সামাদ আলী (২৩) ও ইব্রাহিম হোসেন (৪৫)-সহ তিনজন মাছ ধরতে সুন্দরবনে যান। পরে শনিবার সন্ধ্যায় ওই তিনজনের মধ্য থেকে তাকে অপহরণ করা হয় এবং বাকি দু’জনকে মুক্তিপণের টাকা জোগাড় করার শর্তে ছেড়ে দেওয়া হয়।

সফিকুল ইসলামের সহযোগী জেলে ইব্রাহিম হোসেন জানান, একই নদী থেকে জলদস্যুরা আরও একজন জেলেকে একদিন আগে অপহরণ করে। তবে তার নাম-পরিচয় জানা না গেলেও তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে মুক্তিপণের টাকা দিতে না পারায় ওই জেলেকে জলদস্যুরা তাদের সামনেই মারধর করে বলে জানান তিনি।

সফিকুল ইসলাম ও তার সহযোগীরা দাবি করেন, অপহরণকারী জলদস্যুরা ভারতীয় সীমান্তভিত্তিক। জেলেদের অপহরণের পর তারা দ্রুত ভারতীয় সুন্দরবনের অভ্যন্তরে চলে যায় এবং তাদের অধিকাংশ সদস্যই ভারতীয় সীমান্তের বাসিন্দা।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী স্টেশনের অফিসার ফজলুল হক বলেন, একজন জেলে মুক্তিপণ দিয়ে ফিরে এসেছে—এমন তথ্য তিনি লোকমুখে শুনেছেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালেদুর রহমান বলেন, জলদস্যুদের হাতে অপহরণের ঘটনা সাধারণত ভুক্তভোগীরা নিজেদের মধ্যে মীমাংসা করে নেয় এবং আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিষয়টি গোপন রাখে। তবে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন