সর্বশেষ

সারাদেশ

ঈদযাত্রায় স্বস্তি মহাসড়কে, তবে পাটুরিয়া ঘাটে যাত্রীচাপ বৃদ্ধি

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

বৃহস্পতিবার , ১৯ মার্চ, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদযাত্রায় মহাসড়কে নেই উল্লেখযোগ্য ভোগান্তি, ঘাটে নেই যানবাহনের দীর্ঘ সারি; তবে ফেরিঘাটের পন্টুন ও লঞ্চঘাটে যাত্রীর বাড়তি চাপ লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাটে ঈদে ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

জানা যায়, মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষ নিজ নিজ গন্তব্যে ছুটে চলেছেন। এই নৌপথটি ওই অঞ্চলে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় এখানে বাড়তি চাপ পড়তে শুরু করেছে। দেশের বড় পোশাক শিল্পকারখানাগুলো বুধবার (১৮ মার্চ) বন্ধ হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামে ফিরছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত চলাচলকারী যানবাহনের পাশাপাশি ভিন্ন রুটের যানবাহনেরও চাপ বেড়েছে। প্রায় সব যানবাহনের গন্তব্য পাটুরিয়া ফেরিঘাট।

পাটুরিয়া বাস টার্মিনালে নেমেই ঘরমুখো মানুষ ফেরিঘাট ও লঞ্চঘাটের দিকে ছুটছেন পদ্মা নদী পার হওয়ার জন্য। ফেরিঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ না হলেও যাত্রীর উপস্থিতি অনেক বেশি। ঈদকে সামনে রেখে মহাসড়ক কিংবা ঘাট নিয়ে যাত্রীদের বড় কোনো অভিযোগ নেই।

কুষ্টিয়াগামী যাত্রী আবুল হাসনাত বলেন, “দীর্ঘ দশ বছর ধরে এই সড়ক দিয়ে বাড়িতে যাতায়াত করছি। গত বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই ভোগান্তিমুক্ত বলা যায়। সড়কপথে কোথাও পাঁচ মিনিটও যানজটে পড়তে হয়নি, গাড়ি ভাড়াও ঈদ অনুযায়ী স্বাভাবিক। এখন নৌপথ পারাপারের জন্য ফেরির অপেক্ষায় আছি।”

মাদারীপুরগামী আরেক যাত্রী বলেন, “আমি সাভারের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। পরিবার-পরিজনকে ১৫ রোজার মধ্যেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি। এখন একা বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। অবাক করার মতো বিষয় হলো, কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পাটুরিয়া ফেরিঘাটে পৌঁছাতে পেরেছি।”

লঞ্চ মালিক সমিতির ম্যানেজার পান্নালাল নন্দী বলেন, “ভোর থেকেই যাত্রীর চাপ রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ আরও বাড়ছে। পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে মোট ৩১টি লঞ্চ যাত্রী পারাপার করছে। প্রতিটি লঞ্চ নির্ধারিত ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়ে চলাচল করছে।”

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক বলেন, “ঢাকা-আরিচা মহাসড়কে নিয়মিত যানবাহনের তুলনায় ঈদ উপলক্ষে প্রায় দ্বিগুণ যানবাহন চলাচল করছে। সড়কে যাতে কোনো ভোগান্তি না হয়, সে জন্য আমরা তৎপর রয়েছি।”

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম বলেন, “গত রাত থেকেই যানবাহনের তুলনায় যাত্রীর চাপ বেশি। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল থেকেই প্রতিটি ফেরি সহস্রাধিক যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করছে। আশা করছি, এবারের ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে।”
 

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন