স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট শেয়ার, কক্সবাজারে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা বরখাস্ত
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৫:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর, আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করার অভিযোগে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ ইউনুসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
একই সঙ্গে তাকে ৭ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস।
১৭ মার্চ জারিকৃত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট শেয়ার করা হয়েছে বলে পরিলক্ষিত হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আচরণবিধি ও শৃঙ্খলার পরিপন্থী। একজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের উস্কানিমূলক বা আপত্তিকর রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এ কারণে কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এতে আরও বলা হয়, কেন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না—এ মর্মে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে রেজিস্ট্রারের দপ্তরে লিখিত ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, বিষয়টি নিয়ে বক্তব্য জানতে মুহাম্মদ ইউনুসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে দাবি করেন, দুপুরে ফেসবুক ব্রাউজ করার সময় একজনের ইভেন্ট পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি কুরুচিপূর্ণ ছবি দেখতে পান এবং অসাবধানতাবশত ‘ইন্টারেস্ট’ বাটনে ক্লিক করেন। এতে পোস্টটি কিছু সময়ের জন্য তার ফ্রেন্ডলিস্টের টাইমলাইনে চলে যায়।
তিনি আরও জানান, ‘ইন্টারেস্ট’ বাটনে ক্লিক করলে এমনটি হয়—এ বিষয়ে তিনি অবগত ছিলেন না। কয়েক মিনিট পর বিষয়টি বুঝতে পেরে তিনি ‘নট ইন্টারেস্ট’ বা ডিলেট করে দেন। এটি ছিল তার অনাকাঙ্ক্ষিত ও অসাবধানতাজনিত ভুল।
স্ট্যাটাসে তিনি লেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মতো সম্মানিত ব্যক্তি, জেলার বর্ষীয়ান রাজনীতিবিদ ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে এমন পোস্টে ‘ইন্টারেস্ট’ দেওয়া তার উচিত হয়নি। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য তিনি কক্সবাজারের বাসিন্দা ও দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ভুল থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
১২৮ বার পড়া হয়েছে