ঈদযাত্রা হবে স্বস্তিদায়ক ও আনন্দময়: টাঙ্গাইলে সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান
বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও আনন্দময় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেতু প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, সরকারের সমন্বিত প্রচেষ্টায় মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে এবং আগামী দিনগুলোতেও এই পরিস্থিতি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (রাত) টাঙ্গাইলের যমুনা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও চলাচল স্বাভাবিক রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়, সেতু বিভাগ, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন। “আমরা চেষ্টা করছি মানুষের স্বস্তি নিশ্চিত করতে। আজ গার্মেন্টস ছুটি শুরু হবে, আমরা আশাবাদী পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আগামীকাল পার হলে ইনশাআল্লাহ এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে,”—যোগ করেন তিনি।
এ সময় যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ রেজওয়ান, ফৌজিয়া হাবিব খান এবং কালিহাতি উপজেলার নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, যাত্রীদের অভিযোগ রয়েছে যে ঈদ উপলক্ষে বাসভাড়া দ্বিগুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি জ্বালানি তেলের সংকটের কারণে সড়কে যানবাহন কিছুটা কম চলাচল করছে বলেও তারা দাবি করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোড়াই থেকে সেতু পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার এলাকায় প্রায় এক হাজার পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মহাসড়ক দিয়ে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২৩টি জেলার ৯৮টি রুটে যানবাহন চলাচল করে।
১২৩ বার পড়া হয়েছে