সৌদিতে নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে প্রবাসীকল্যাণ মন্ত্রী
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৪:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী বাচ্চু মিয়ার পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিহতের পরিবারের সদস্যদের হাতে ৩ লাখ টাকা অনুদান প্রদান করেন মন্ত্রী।
মঙ্গলবার (১৭ মার্চ) রাতের দিকে কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে উপস্থিত হয়ে মন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শোক ও সমবেদনা জানান এবং তাদেরকে সান্ত্বনা প্রদান করেন।
মন্ত্রী আরও জানান, সৌদি আরব সরকারের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ আদায়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। পাশাপাশি, পরিবারটির জন্য স্থায়ী বসবাসের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ মার্চ রোববার সৌদি আরবের আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনায় এলাকায় গভীর শোক নেমে আসে।
১৩৮ বার পড়া হয়েছে