৪০০ টাকার জন্য খুলনার রূপসায় চায়ের দোকানদার খুন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলার ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র, চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালী (৫২) খুন হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) মাত্র ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে এই খুনের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ভ্রাম্যমান মাংস বিক্রেতা ও কৃষকদল নেতা আবুল খায়ের লস্কর ভবানীপুর গ্রামের আবুল কাশেম ঢালীর পুত্র, চায়ের দোকানদার দীন মোহাম্মদের নিকট মাংস বিক্রির বাকি ৪০০ টাকা পেতো।
বেশ কয়েকবার টাকা না পাওয়ায় গতকাল বিকেলে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদের চায়ের দোকানে আসে। এ সময় প্রথমে দুজনের মধ্যে কথা কাটাকাটি, বাক-বিতণ্ডা এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদকে ইট দিয়ে মাথায় বেধড়ক জখম করে। দীন মোহাম্মদের আত্মচিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যায়।
স্থানীয়রা দীন মোহাম্মদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের লস্কর দীন মোহাম্মদকে ইট দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পুলিশ প্রাথমিকভাবে এই তথ্য পেয়েছে এবং আবুল খায়ের লস্করকে গ্রেফতারের চেষ্টা করছে।
দীন মোহাম্মদের মৃত্যুতে এলাকায় চাপা ক্ষোভ এবং হতাশা বিরাজ করছে। নিহত চায়ের দোকানদারের স্ত্রী ও চারটি কন্যা সন্তান রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
১২৩ বার পড়া হয়েছে