মুক্তাগাছায় ৫.৮ কিমি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ৫:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় দেশব্যাপী জলাশয় পুনঃখনন কর্মসূচির আওতায় একটি খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার লাঙ্গুলিয়া কাজলকোঠা বিল থেকে বাদেকলমোহনা পর্যন্ত প্রায় ৫ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ খাল পুনঃখনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
উদ্বোধন উপলক্ষে প্রতিমন্ত্রী প্রকল্প এলাকায় বৃক্ষরোপণ করেন এবং সিংড়ার খালে মাছের পোনা অবমুক্ত করেন। পরে তিনি প্রতীকীভাবে খাল খনন কার্যক্রমেও অংশগ্রহণ করেন।
এ সময় আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর কাছে খাল পুনঃখননের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। তার নেতৃত্বে দেশব্যাপী খাল খনন কর্মসূচি, ইমাম-মোয়াজ্জিনদের ভাতা প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
দীর্ঘদিন পর খাল পুনঃখনন কাজ শুরু হওয়ায় স্থানীয় কৃষক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের সঞ্চার হয়েছে। স্থানীয়রা জানান, সিংড়ার খালটি দীর্ঘদিন ভরাট থাকায় প্রতি বছর আমন মৌসুমে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে প্রায় ৫০০ থেকে ৬০০ একর জমির আমন ধান তলিয়ে গিয়ে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়তেন। খালটি পুনঃখনন হলে জলাবদ্ধতা দূর হওয়ার পাশাপাশি এলাকার কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৫ আসনের সংসদ সদস্য মো. জাকির হোসেন বাবলু, জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
১০৮ বার পড়া হয়েছে