শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরজানা শারমিন পুতুল বলেছেন, “আমাদের শেকড় ভুলে গেলে চলবে না। যারা শেকড় ভুলে যায়, তাদের শেকড় উপড়ে ফেলতে বারবার ৫ আগস্ট ফিরে আসবে।”
তিনি সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার মন্ডলপাড়ার পদ্মকোল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, খাল খননের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। যারা বাইরে যেতে পারেন না, তারা স্থানীয়ভাবে এই কাজে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশে কৃষি উন্নয়ন ও গ্রামীণ জনপদের জীবনমান উন্নয়নের অংশ হিসেবে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, “মানুষ বুঝতে পারছে, সাড়ে তিন থেকে চার বছরের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যে উন্নয়ন সাধন করেছেন, তার উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও শিল্প বিপ্লবের মাধ্যমে দেশকে নতুন দ্বার উন্মোচন করছেন।”
তিনি আরও যোগ করেন, উন্নয়নের জন্য আমাদের সদিচ্ছাই যথেষ্ট। আমরা চেয়েছি বলেই ফ্যামিলি কার্ডের মতো বড় প্রকল্প সরকার গঠনের এক সপ্তাহের মধ্যে হাতে নিতে পেরেছি। চাহিদার কারণে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে ১০ হাজার টাকা কৃষি ঋণ মওকুফ করা সম্ভব হয়েছে।
পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে, দেশব্যাপী নদী-নালা, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায়, পাবনা সদর উপজেলার মন্ডলপাড়া থেকে নাজিরপুর পর্যন্ত ৪ কিলোমিটার দীর্ঘ খাল খনন করা হবে। এই খাল খনন কর্মসূচির উদ্দেশ্য জলাবদ্ধতা নিরসন, শুষ্ক মৌসুমে পানি ব্যবহার, প্রাকৃতিকভাবে মৎস্য উৎপাদন বৃদ্ধি ও অন্যান্য স্থানীয় প্রয়োজন পূরণ করা।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা সভাপতিত্ব করেন। এতে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপি'র আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকারসহ অনেকে। পরে প্রতিমন্ত্রী বিএনপি দলীয় কার্যালয় ও পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
১২৪ বার পড়া হয়েছে