যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে যেসব দেশে প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব দেশে তাদের আকামা (বাসস্থান অনুমতি) বৃদ্ধি করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে।
একই সঙ্গে বিদেশে আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করছে সরকার।
সোমবার (১৬ মার্চ) দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা এলাকার কাটাখালি খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা বিভিন্ন কারণে বিদেশে যেতে পারেননি, তাদের বিমান টিকিটের অর্থ থেকে কোনো ধরনের অতিরিক্ত টাকা কেটে নেওয়া হবে না। সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে। তবে বাংলাদেশে এখনো তেলের দাম বাড়ানো হয়নি। সাধারণ মানুষের কষ্টের কথা বিবেচনা করে সরকার বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে না, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে।
ইসলামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে খাল পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। এতে বক্তব্য দেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুন এবং ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসাইনসহ অন্যান্যরা।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইসলামপুর উপজেলায় ৮ কিলোমিটার কাটাখালি খাল এবং মাদারগঞ্জ উপজেলায় ৫ কিলোমিটার পলিশা থেকে দুধিয়াগাছা খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
১২৩ বার পড়া হয়েছে