নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১১:৫৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় নিখোঁজের প্রায় তিন মাস পর একটি পুকুর থেকে মো. তৌহিদুল ইসলাম মোল্যা (৩০) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার ভাকুড়ী গ্রামের একটি পুকুরের কচুরিপানার মধ্য থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।
নিহত তৌহিদুল ইসলাম মোল্যা উপজেলার লতিফপুর গ্রামের আকতার আলী মোল্যার ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তৌহিদুল। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে এ ঘটনায় মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ তদন্ত শুরু করে এবং সাকিব শেখ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
সোমবার দুপুরে সুমন নামে এক ব্যক্তি পুকুর পরিষ্কার করতে গিয়ে কচুরিপানার ভেতরে একটি গলিত মরদেহ দেখতে পান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরবর্তীতে নিহতের পরিবারের সদস্যরা মরদেহটি তৌহিদুল ইসলাম মোল্যার বলে শনাক্ত করেন।
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
১২৪ বার পড়া হয়েছে