নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৯:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি হত্যার হুমকি দিয়েছে।
ইরান তাদের সেপাহ নিউজ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, “যদি এই শিশু-হত্যাকারী অপরাধী (নেতানিয়াহু) জীবিত থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা এবং হত্যা করার অভিযান অব্যাহত রাখব।” এই হুমকি এসেছে এমন সময়ে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলমান।
এদিকে, ইরানের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের উচ্চ পর্যায়ের নিরাপত্তা ক্যাবিনেট বৈঠকে প্রধানমন্ত্রীর অনুপস্থিতি নজরে এসেছে। জর্দানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ জানিয়েছে, কোনো আগাম ঘোষণা বা ব্যাখ্যা ছাড়াই রবিবার (১৫ মার্চ) অনুষ্ঠিত বিশেষ নিরাপত্তা ক্যাবিনেটে নেতানিয়াহুর অনুপস্থিতি ইসরায়েলজুড়ে বিস্ময় সৃষ্টি করেছে। সাধারণত এই ধরনের গুরুত্বপূর্ণ বৈঠক প্রধানমন্ত্রীর নিজেই পরিচালনা করে থাকেন।
রয়া নিউজের তথ্য অনুযায়ী, যেখানে গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল, সেখানে নেতানিয়াহু অনুপস্থিত থাকায় বৈঠকে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীরা। সংবাদমাধ্যম গ্লোব অবজারভার আরও জানিয়েছে, এই উচ্চ স্তরের নিরাপত্তা বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ‘নিখোঁজ’ ছিলেন।
নেতানিয়াহুর কার্যালয় থেকে এখন পর্যন্ত এই অনুপস্থিতি বা তার স্বাস্থ্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। এ অবস্থায় আইআরজিসি থেকে তাকে হত্যার হুঁশিয়ারি পাওয়া মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাত্রা আরও বাড়িয়েছে।
১২১ বার পড়া হয়েছে