হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব কমাতে সেখানে মাইন শনাক্তকারী ড্রোন মোতায়েনের পরিকল্পনা করছে ব্রিটেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই জলপথ দিয়ে পণ্যবাহী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করছে।
এর আগে ওই অঞ্চলে তেলবাহী ট্যাংকারের নিরাপত্তা জোরদার করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ মোতায়েনের আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ গণমাধ্যম দ্য সানডে টাইমস প্রথমবারের মতো এই পরিকল্পনার খবর প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ রয়্যাল নেভির ‘মাইন অ্যান্ড থ্রেট এক্সপ্লয়টেশন গ্রুপ’ থেকে ড্রোনগুলো মোতায়েন করা হতে পারে। বর্তমানে এই ইউনিটের সদস্যরা মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।
তবে কার্যকর অবস্থায় ঠিক কতটি ড্রোন রয়েছে এবং এর মধ্যে কতগুলো মোতায়েন করা সম্ভব—সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পত্রিকাটি।
অন্যদিকে দ্য সানডে টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জন্য তৈরি ব্রিটিশ ইন্টারসেপ্টর ড্রোনগুলো প্রয়োজনে ইরানের ‘শাহেদ’ ড্রোন প্রতিহত করতেও ব্যবহার করা হতে পারে।
উল্লেখ্য, বিশ্বের মোট উত্তোলিত তেলের প্রায় ২০ শতাংশ প্রতিদিন হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়, ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে এই সমুদ্রপথের গুরুত্ব অত্যন্ত বেশি।
১৪৫ বার পড়া হয়েছে