বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ৮:২৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ছাত্ররাজনীতি থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক পথচলার পর বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।
শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বিলকিস আক্তার জাহান শিরিন। বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজে পড়াশোনা করার সময় ১৯৮৫ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগ দেন। পরে ১৯৮৭ সালে বিএম কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রীবিষয়ক সম্পাদক এবং ১৯৯০ সালে এজিএস হিসেবে নির্বাচিত হন। এরপর ১৯৯১ সালে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতির দায়িত্ব পান তিনি।
এরপর ধাপে ধাপে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন শিরিন। ১৯৯৬ সালে তিনি বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হন এবং একই সঙ্গে জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। একই বছরে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও মনোনীত হন তিনি। পরবর্তীতে মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক, মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন বিলকিস।
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া অষ্টম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রেও যুক্ত ছিলেন শিরিন। কর্মজীবনের শুরুতে তিনি বরিশাল সিটি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রায় এক দশক অধ্যাপনা করেছেন। পেশাগতভাবে তিনি একজন আইনজীবীও।
দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের দাবি, গত সতেরো বছর ধরে বিরোধী রাজনীতি করতে গিয়ে তিনি বিভিন্ন সময় নিপীড়ন ও মামলার মুখোমুখি হয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার ভিত্তিতেই তাকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা। তার নিয়োগকে স্বাগত জানিয়ে তারা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি নগর উন্নয়ন ও নাগরিক সেবায় ইতিবাচক ভূমিকা রাখবেন।
১২৩ বার পড়া হয়েছে