পঞ্চগড়ে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি ও পুরস্কার বিতরণ
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ে কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে জেলা পুলিশের প্রায় দুই শতাধিক মেধাবী শিক্ষার্থী শিক্ষাবৃত্তি ও বিভিন্ন উপহার সামগ্রী পেলেন। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামের মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে এসব পুরস্কার বিতরণ করা হয়।
চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়। এছাড়া সেরা সাতজন শিক্ষার্থীকে বাইসাইকেল, ক্রেস্ট, সনদ ও আর্থিক বৃত্তি প্রদান করা হয়। অন্যান্য শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদ এবং আর্থিক বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন, জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাশেদ ইসলাম, ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
বিজয়ী শিক্ষার্থীদের অভিভাবক এবং কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা এই ধরনের আয়োজন নিয়মিত চালুর আবেদন জানান এবং বলেন, এটি শিক্ষার্থীদের মেধাবিকাশ, পড়াশোনায় আগ্রহ এবং নতুন জ্ঞান অর্জনে সহায়ক হবে।
মোহাম্মদ ইব্রাহিম বলেন, “কিশোর কণ্ঠ ফাউন্ডেশন ৬০০০ শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন করে। আজকে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়েছে। আশা করি, তারা ভবিষ্যতে নিজেদের মেধা আরও বিকশিত করবে।”
জেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসাইন বলেন, “পঞ্চগড়ে এই ধরনের শিক্ষাবৃত্তি জাতিকে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে সহায়ক হবে। আমি আয়োজনকারীদের সাধুবাদ জানাই।”
জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. রাশেদ ইসলাম বলেন, “একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মেধার মূল্যায়নের বিকল্প নেই। প্রজন্মকে মেধা ও নৈতিকতায় গড়ে তোলার জন্য এই শিক্ষাবৃত্তি প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
১২৬ বার পড়া হয়েছে