নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
বৃহস্পতিবার , ১২ মার্চ, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নওগাঁয় পৃথক দুটি ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ধামইরহাট ও মান্দা উপজেলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন এবং মান্দা উপজেলার চকরামপুর মধ্যপাড়া ঈদগাহ সংলগ্ন পাড়ার মোসলেমের ছেলে পিন্টু।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে একটি বিলে শসা তুলতে গেলে কৃষক জালাল উদ্দীন হঠাৎ বজ্রপাতে নিহত হন। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অন্যদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, বাড়ির পাশে একটি ধানের জমিতে কাজ করার সময় বজ্রপাতে পিন্টু ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার সঙ্গে থাকা আর একজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
পুলিশ জানায়, দুর্যোগজনিত কারণে মৃত্যুবরণকারী দুই কৃষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য।
১২৪ বার পড়া হয়েছে