বিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৫:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ চার মাস পর আবারও ওয়ানডে ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।
২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বিশ্বকাপের সরাসরি টিকিট পেতে হলে র্যাঙ্কিংয়ের পয়েন্ট সংগ্রহে প্রতিটি ম্যাচই বড় ভূমিকা রাখবে।
সিরিজকে সামনে রেখে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের পর দল খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলেনি, যা প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে সামনে বেশ কিছু ম্যাচ থাকায় দল পরিকল্পনা সাজানোর সুযোগ পাচ্ছে। তার মতে, র্যাঙ্কিং ধরে রাখা এবং বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ।
দলের অভিজ্ঞ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতির বিষয়েও কথা বলেন মিরাজ। তিনি বলেন, আগে দলে একটি নির্দিষ্ট খেলার ধরণ ছিল যা সিনিয়ররা ভালোভাবে বুঝতেন। এখন নতুন কাঠামোর এই দলে তরুণদেরই সেই দায়িত্ব নিতে হবে। বিশেষ করে ব্যাটারদের ম্যাচ পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে।
অন্যদিকে, পাকিস্তান দলও এবার বাংলাদেশ সফরে এসেছে বেশ কিছু পরিবর্তন নিয়ে। তাদের স্কোয়াডে রয়েছে ছয়জন নতুন ক্রিকেটার, যাদের মধ্যে অন্তত তিনজনের এই ম্যাচে আন্তর্জাতিক অভিষেক হতে পারে।
তবে তুলনামূলক তরুণ এই পাকিস্তান দলকে হালকাভাবে দেখছেন না বাংলাদেশের অধিনায়ক। তিনি মনে করেন, ঘরের মাঠের কন্ডিশন কাজে লাগাতে পারলে জয় পাওয়ার সুযোগ রয়েছে।
পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিও সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী। তিনি বলেন, বাংলাদেশ ঘরের মাঠে সবসময়ই শক্ত প্রতিপক্ষ। তবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্সের ধারাবাহিকতা তারা এই সিরিজেও ধরে রাখতে চান।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যান অবশ্য পাকিস্তানের পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডে ম্যাচে পাকিস্তান জিতেছে ৩৪টিতে, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫টিতে।
তবে বাংলাদেশের জন্য আশার জায়গা হলো, এই পাঁচ জয়ের চারটিই এসেছে নিজেদের মাঠে। বিশেষ করে ২০১৫ সালে ঘরের মাঠে পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার স্মৃতি এখনো ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল হয়ে আছে।
১০৩ বার পড়া হয়েছে