ভৈরবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রীর ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আওতায় ৮১৫টি কার্ড বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তুলাকান্দী খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে রাজধানীর বনানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে অনুষ্ঠিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি অনলাইনে প্রদর্শন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে জেলা প্রশাসক আসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। তিনি বলেন, সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র ২১ দিনের মধ্যেই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের ১৪টি অঞ্চলে মোট ৩৭ হাজার ৫৬৭টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারের মাঝে এই কার্ড প্রদান করা হবে। নারীর ক্ষমতায়ন ও পরিবারকে সহায়তা করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক, স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খুরশেদ আল আমিন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল এবং উপকারভোগী বেগম নদী।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী ভৈরবে স্থানীয় আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেন।
১৯৭ বার পড়া হয়েছে