নোয়াখালীর মুছাপুর রেগুলেটর প্রকল্প এলাকা পরিদর্শনে দুই মন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু এবং পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার দুপুরে তারা প্রস্তাবিত মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদীর অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুছাপুর রেগুলেটর না থাকায় নদীভাঙন রোধ করা যাচ্ছে না। রেগুলেটরটি ভেঙে যাওয়ার পর নদীর দুই পাশেই ভাঙন বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পেলে নতুন রেগুলেটর ও মুছাপুর ক্লোজারের কাজ শুরু করা হবে।
এ সময় পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মুছাপুর রেগুলেটর শুধু একটি এলাকার বিষয় নয়, এটি পুরো নোয়াখালীর মানুষের জীবন-মরণের সঙ্গে জড়িত। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলেও জানান। প্রধানমন্ত্রী বিষয়টি সম্পর্কে অবহিত আছেন বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে প্রবল বর্ষণ ও উজানের ঢলে মুছাপুরের ২৩ ভেন্টবিশিষ্ট রেগুলেটরটি ভেঙে যায়। এরপর থেকে কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায় নদীভাঙন ও জলাবদ্ধতা বৃদ্ধি পায়। সরকার প্রায় ৮৯৬ কোটি টাকা ব্যয়ে সেখানে একটি আধুনিক রেগুলেটর নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
১১৬ বার পড়া হয়েছে