পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৫:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া সরকারি পিস্তলটি ১৬ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত একজনসহ সন্দেহভাজন আরও দুইজনকে আটক করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার এবং তিনজনকে আটক করা হয়।
মঙ্গলবার (১০ মার্চ) গভীর রাতে বন্দর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ও রাতে পৃথক অভিযানে বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
আটককৃতরা হলেন— শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার মো. বিশাল (৩১), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩) এবং হাসান (২১)।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা বেপারীপাড়া এলাকা থেকে প্রথমে বিশালকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকা থেকে ফরহাদ ও হাসানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী রাত আড়াইটার দিকে বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ভোর রাত ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এসআই লুৎফর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারে জেলা পুলিশ, থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা যৌথ অভিযান শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়।
প্রসঙ্গত, সোমবার (৯ মার্চ) ভোর ৬টার দিকে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহল দিচ্ছিলেন। এ সময় শহরের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত তার পথরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আঘাতের চেষ্টা করলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। এতে তার মোটরসাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সরকারি পিস্তলটি গুলিসহ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করে।
১৬৪ বার পড়া হয়েছে