সিলেটে ভিডিও ফাঁসের হুমকি, ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে বোন জামাই গ্রেপ্তার
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৬:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটের মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং চাঁদা দাবির অভিযোগে রুকন মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব জানায়, ভুক্তভোগী নারী সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করার পর গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) বিকেলে মোগলাবাজার এলাকা থেকে রুকন মিয়াকে আটক করা হয়। পরে রবিবার (৮ মার্চ) সকালে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
গ্রেপ্তার রুকন মিয়া মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল এলাকার বাসিন্দা এবং লাল মিয়ার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, রুকন মিয়া তার শ্যালিকার অজান্তে কিছু অশ্লীল ছবি ও ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। পরে সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী প্রায়ই তার বোনের বাড়িতে যাতায়াত করতেন। এ সুযোগে রুকন মিয়া গোপনে তার ছবি ধারণ করেন এবং পরে তা দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকেন। একপর্যায়ে ভুক্তভোগী বিষয়টি তার বোনকে জানালে রুকন মিয়া ক্ষিপ্ত হয়ে গত বছরের ১৭ জুন তার স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন। তাদের একটি সন্তান রয়েছে।
এরপরও রুকন মিয়া ভুক্তভোগীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে ওই নারীর অশ্লীল ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেন বলে অভিযোগ উঠেছে।
পরে নিরুপায় হয়ে ভুক্তভোগী মোগলাবাজার থানায় মামলা দায়ের করলে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১২০ বার পড়া হয়েছে