গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত: আলোচনা সভা ও সম্মাননা প্রদান
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১২:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে বিভিন্ন আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ দিনটি পালন করে।
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে রবিবার (৮ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান। সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক অমিত কুমার দেব নাথ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লাখসান লাকী বক্তব্য রাখেন।
অন্যদিকে, টুঙ্গিপাড়া উপজেলায়ও আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল আলম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী এবং সাংবাদিক মেহেদী হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় পাঁচজন অদম্য নারী ও পাঁচজন নারী উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বক্তারা সভায় নারীর সম্মান ও মর্যাদা রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান। তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারী ও কন্যাদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলে একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলা সম্ভব। বর্তমানে নারীরা পুরুষদের সমানভাবে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
১১৯ বার পড়া হয়েছে