মাগুরায় নারী দিবসে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের চার দফা দাবি ও আলোচনা
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মাগুরা জেলা শাখার সমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে "নারী দিবসের সংগ্রামী ইতিহাস ও বর্তমান বাস্তবতা" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা অনুষ্ঠিত হয় মাগুরা রেডিয়েন্ট স্কুল মিলনায়তনে সকাল ১১টায়। সভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম ফিরোজ ও সাবেক শিক্ষক আরজুমান চৌধুরী।
বক্তারা বলেন, ২০২৬ সালে আন্তর্জাতিক নারী দিবসের ১১৬তম বার্ষিকী পালিত হচ্ছে। নারীর প্রতি বৈষম্য, জাতিগত ও সাম্প্রদায়িক নিপীড়নের বিরুদ্ধে নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সমাজ গঠনের সংগ্রামে এই দিবস প্রেরণার উৎস। ইতিহাসে ১৮৫৭ সালের ৮ মার্চ নিউইয়র্কের সুই কারখানার নারী শ্রমিকরা দীর্ঘ শ্রমঘণ্টা, বৈষম্যমূলক মজুরি, অমানবিক পরিবেশ ও নির্যাতনের বিরুদ্ধে ধর্মঘট পালন করেছিলেন। তাদের আন্দোলন ছড়িয়ে পড়ে ইউরোপের বিভিন্ন দেশে। ১৯১০ সালে ডেনমার্কের কপেনহেগেনে জার্মান কমিউনিস্ট নেত্রী ক্লারা জেটকিন আন্তর্জাতিক নারী দিবসের প্রস্তাব দেন, যা রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা লেনিনের উদ্যোগে গ্রহণ করা হয়।
বক্তারা আরও বলেন, ১১৬ বছর পরও দেশে নারীরা বৈষম্য ও নিপীড়নের শিকার। অধিকাংশ কর্মক্ষেত্রে নারীরা সমকাজে সমমজুরি পান না, নির্যাতনের সম্মুখীন হন এবং কর্মপরিবেশ স্বাস্থ্যকর নয়। তাই নারীর অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং বৈষম্যমূলক সমাজের বিরুদ্ধে সচেতন সংগ্রাম চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক নারী দিবসের মূল চেতনা হলো শোষণমুক্ত, বৈষম্যহীন সাম্য সমাজ গড়ার আহ্বান।
১১৫ বার পড়া হয়েছে