কাটাখালীতে লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলার কাটাখালী এলাকায় বিএসটিআইয়ের লাইসেন্স ও মানসনদ ছাড়া লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পবা উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, কাটাখালী পৌরসভার সমসাদীপুর এলাকায় অবস্থিত মেসার্স আলিফ ট্রেডার্স বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন ও বাজারজাত করছিল। পাশাপাশি পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অবস্থিত মেসার্স সুমি ফুড প্রোডাক্টস-কেও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই তৈরি ও বিক্রি করার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
১৭২ বার পড়া হয়েছে