নড়াইলে ট্রলির ধাক্কায় তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে ট্রলির ধাক্কায় লিমন নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল ৯টার দিকে কালিয়া উপজেলার চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই গ্রামের কৃষক ইকরামুল ফকিরের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছিল লিমন। এ সময় গ্রামের সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে তার মাথা, নাক ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা দ্রুত তাকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিমনকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই তামিম জানান, দুর্ঘটনার পরপরই শিশুটিকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল আলম হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শিশু লিমনের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাদের কান্নায় এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে