তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার ঠেকাতে দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরসহ পঞ্চগড় সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একই সঙ্গে জেলার প্রায় ১৩৫ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল থেকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বাংলাবান্ধা স্থলবন্দর ও সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ কার্যক্রম শুরু করেন।
বিজিবি সূত্র জানায়, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল পাচার প্রতিরোধে সীমান্তের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে সন্দেহভাজন যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পারাপার হওয়া যাত্রীদেরও তল্লাশি করা হচ্ছে।
এছাড়া পুরো সীমান্ত এলাকায় টহল কার্যক্রম বৃদ্ধি করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করছে বাহিনীটি। জ্বালানি তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৫ বার পড়া হয়েছে