জ্বালানি তেল পাচাররোধে বিজিবির বিশেষ সতর্কতা
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার কারণে ভারতের দিকে পাচার রোধে সাতক্ষীরার সীমান্তে তৎপরতা বাড়িয়েছে ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন।
ব্যাটেলিয়নের সদস্যরা টহল, তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
শনিবার (৬ মার্চ) বেলা ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোমরা স্থলবন্দর গেট দিয়ে ভারতে প্রবেশকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকগুলোতে কড়া তল্লাশি চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তজুড়ে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিশেষ করে যেসব রুটে অতীতে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব পয়েন্টে সতর্কতা আরও জোরদার করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন যানবাহন ও পরিবহনের ওপর বিশেষ নজর রাখা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, “দেশের জ্বালানি সম্পদ রক্ষায় সীমান্ত এলাকায় বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
১১২ বার পড়া হয়েছে