আলফাডাঙ্গায় ৪৮তম কাদরিয়া ওরশ প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গায় হযরত শাহসূফী আব্দুল খালেক মুন্সি কাদরিয়া ডক সাহেবের ৪৮তম বাৎসরিক ওরশ স্থানীয় প্রশাসনের উদ্যোগে বন্ধ করা হয়েছে।
প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এবং পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষায় অনুমতি না থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) পৌর এলাকার ইশাপাশা গ্রামে অবস্থিত ডক সাহেবের কেন্দ্রীয় দরবার শরীফে গিয়ে পুলিশ ওরশের কার্যক্রম বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দরবার শরীফের নিয়ন্ত্রণ ও ওরশ আয়োজন নিয়ে প্রয়াত আব্দুল খালেক মুন্সি কাদরিয়া ডক সাহেবের দুই পুত্র—ওবায়দুর রহমান মুন্সী ও সিরাজুল ইসলাম মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৫ সালের ১৭ এপ্রিল ওবায়দুর রহমান মুন্সীর মৃত্যুর ঘটনায় মামলা চলমান রয়েছে।
এ বছরের ওরশ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ওবায়দুর রহমানের পুত্র ও বর্তমান দরবারের পরিচালক ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান মুন্সী (নাঈম) ওরশ আয়োজনের বিরোধিতা করেন। অন্যদিকে সিরাজুল হক মুন্সি ৫ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পাঁচ দিনব্যাপী ওরশের ঘোষণা দিলে দ্বন্দ্ব আরও বৃদ্ধি পায়।
পরিচালক ইঞ্জিনিয়ার মো. ওহিদুজ্জামান মুন্সী অভিযোগ করেন, “আমার চাচা অবৈধভাবে নিজেকে পরিচালক দাবি করে ওরশ আয়োজন করেছেন। এই পরিস্থিতিতে কমিটির কোনো অনুমতি ছাড়াই ওরশ আয়োজন সম্পূর্ণ অবৈধ।”
অন্যদিকে আয়োজক কমিটির আহ্বায়ক সিরাজুল হক মুন্সি বলেন, “প্রতি বছরের ধারাবাহিকতায় আমরা প্রস্তুতি সম্পন্ন করেছিলাম, কিন্তু প্রশাসন এসে কার্যক্রম বন্ধ করে দিয়েছে।”
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, “প্রশাসনের অনুমতি ছাড়া ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওরশ বন্ধ করা হয়েছে।”
১২৮ বার পড়া হয়েছে